
বর্তমান সংবিধানের আওতায়ই নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, যারা পিআর পদ্ধতির পক্ষে তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনা। রাজনৈতিক দলগুলোকে পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের দায়িত্ব দেয়নি জনগণ। কোনো দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা গণতান্ত্রিক আচরণ নয়। এ ধরনের মতবিরোধ বা অনৈক্যের বিষয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশে কী হবে, তা ঠিক করতে মানুষ দায়িত্ব দেয়নি। তাই সনদেরও ম্যান্ডেট লাগবে।
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সনদে যেসব বিষয় একমত হয়েছে, সেসব বিষয় নিয়ে এগোতে হবে। এই মুহূর্তে বেশি দরকার সংসদ কার্যকর করা।
আমীর খসরু বলেন, বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে। যতটুকু একমত হওয়া গেছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে। কোনটা হবে, কোনটা হবে না, তা জনগণই ঠিক করবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রে একক দলের শাসনের কোনো ব্যবস্থা নেই। তাই দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন করে ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে। সংঘাতনির্ভর রাজনীতি থেকে বের হয়ে আসাই এখন সময়ের দাবি। অন্যের মতকে সহ্য করার মানসিকতা না থাকলে আলোচনায় বসেও কোনো ফল পাওয়া যাবে না।


