
কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথা জানালেন ইয়াছিন
মো. আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের উজালখলসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সেবামূলক কার্যক্রম চলে। দিনভর চলা এই ক্যাম্পে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ ও শিশুদের খতনা (মুসলমানি) করানোর ব্যবস্থা করা হয়।

২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইয়াছিন আলী প্রামাণিকের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, গাইনি এবং অর্থোপেডিকসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। চিকিৎসাসেবা প্রদান করেন অর্থোপেডিকস বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. শওকত শরীফ, গাইনি ও প্রজনন হরমোন বিশেষজ্ঞ সার্জন ডা. মো. ইমরান হোসেন ও ডা. প্রিয়াঙ্কা ভৌমিক, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. রাকিব শেখ, ডা. মো. তাহিদুল ইসলাম (রনি) এবং জেনারেল ফিজিশিয়ান ডা. বিজয় কুমার। দুর্গম এলাকার শত শত দরিদ্র রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা মো. ইয়াছিন আলী প্রামাণিক জানান, ৮ নম্বর ওয়ার্ডের তিনবার নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে রয়েছেন। আগামী নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “অর্থের অভাবে গ্রামের মানুষ যাতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোতে সপ্তাহে অন্তত একদিন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সেবা চালুর উদ্যোগ নেব।”
স্বাস্থ্যসেবার পাশাপাশি একটি হয়রানি ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনের অঙ্গীকার করেন তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে জন্মনিবন্ধনসহ সকল নাগরিক সনদ দ্রুত ও সহজলভ্য করা, প্রকৃত উপকারভোগীদের মাঝে বয়স্ক ও বিধবা ভাতা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং প্রতিটি ওয়ার্ডে টেকসই সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল গাফ্ফার, দুর্গাপুর উপজেলা শূরা সদস্য অধ্যাপক মো. জাবের আলী, রাজশাহী জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিলমাড়িয়া ইউনিয়ন সভাপতি মো. বাবলু রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. জুবায়ের আল মাহমুদ, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ হিল কাফিসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


