
ইংলিশ ফুটবলে নতুন কীর্তি গড়েছেন লিভারপুলের তরুণ ফুটবলার রিও এনগুমোহা। ২৮ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে মাইকেল ওয়েনের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় লিভারপুল। ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন এনগুমোহা। এর মধ্য দিয়ে ওয়েনের পর লিভারপুলের হয়ে ইউনাইটেডের বিপক্ষে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন তিনি।
১৯৯৮ সালে ১৮ বছর ১২ দিন বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করে এই কীর্তি গড়েছিলেন মাইকেল ওয়েন। এবার ১৮ বছর ৮৫ দিন বয়সে সেই তালিকায় জায়গা করে নিলেন এনগুমোহা।
ম্যাচের প্রথমার্ধে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলে অবদান রাখেন এই তরুণ। পরে দ্বিতীয়ার্ধে ব্র্যাডলি বারকোলার পাস থেকে নিজেও গোল করেন তিনি। এর আগে প্রথমার্ধে লেনি ইয়োরো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার ইউনাইটেড।
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন এনগুমোহা। ম্যাচ শেষে বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে তিনি বলেন, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের চেয়ে বড় ম্যাচ আর নেই। অ্যানফিল্ডে তিন পয়েন্ট পাওয়া বিশেষ কিছু। রেকর্ডটি আনন্দের হলেও দলের জয়ে অবদান রাখাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এনগুমোহার পারফরম্যান্সের প্রশংসা করেছেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলাও। তাঁর মতে, মাঠের দুই পাশেই খেলতে অভ্যস্ত হয়ে উঠছেন এনগুমোহা। ভেতরে ঢুকে শট নেওয়া কিংবা বাইরে দিয়ে গিয়ে ক্রস করার ক্ষেত্রেও দক্ষতা দেখাচ্ছেন এই তরুণ।


