
সহিংসতা-হত্যাকাণ্ড তদন্তে ৯০ দিনের বিচার বিভাগীয় কমিশন গঠনের প্রস্তাব; ২৪ ঘণ্টায় জবাব না পেলে হাইকোর্টে রিট
বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোয় আনতে আইন প্রণয়ন এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়ে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৯০ দিনের কমিশন গঠনসহ একাধিক পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো নোটিশে প্রস্তাবগুলো বাস্তবায়নে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। জবাব বা কার্যকর পদক্ষেপ না পেলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট ও স্থায়ী আইনি ভিত্তি তৈরিতে জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবিত আইনে নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। কমিশনকে অর্থায়নের উৎস, সম্ভাব্য বিদেশি সম্পৃক্ততা বা সহায়তার বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর প্রস্তাব করা হয়েছে।
নোটিশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে জাতিসংঘকে জানানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনায় নিতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর প্রস্তাবও রয়েছে।
নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে জেনেশুনে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং প্রমাণ পাওয়া গেলে ফৌজদারি মামলা করার দাবি জানানো হয়েছে। তবে বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত ও সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় না আনার বিষয়টিও নোটিশে স্পষ্ট করা হয়েছে।


