
মিনি নিলামের প্রাথমিক তালিকায় তাসকিন-শরীফুল-রিশাদসহ এক ডজন ক্রিকেটার | ৬৬টি জায়গার বিপরীতে লড়াই ১ হাজার ২২০ জনের । আইপিএলের মিনি নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটে নতুন করে তৈরি হয়েছে প্রত্যাশা। গত আসরে নিলামে দল পেয়েও শেষ পর্যন্ত খেলার সুযোগ হয়নি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। এবার অবশ্য নিলাম থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তবে মুস্তাফিজ না থাকলেও আসন্ন আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার।

তাঁদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও তাওহিদ হৃদয়ের মতো পরিচিত মুখ। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী, বাংলাদেশের ১২ ক্রিকেটার হলেন—হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।
এর আগে মুস্তাফিজসহ বাংলাদেশের সাত ক্রিকেটারের নিলামে নিবন্ধনের খবর প্রকাশিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রকাশিত প্রাথমিক তালিকায় মুস্তাফিজের নাম দেখা যায়নি। ফলে এবার আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্বের সম্ভাবনা তৈরি হলেও আলোচনার কেন্দ্র থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই পেসার।
গত আসরে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার নিলাম থেকে তাঁর সরে দাঁড়ানোর ঘটনায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তালিকায় থাকা অন্য ১২ ক্রিকেটার।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এবারের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার ২৮১ জন। অথচ ১০টি ফ্র্যাঞ্চাইজির জন্য খালি রয়েছে সর্বোচ্চ ৬৬টি জায়গা। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ মাত্র ২৫টি।
এমন সীমিত সুযোগের বিপরীতে বিপুলসংখ্যক ক্রিকেটার থাকায় চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পাওয়াই হবে বাংলাদেশের ক্রিকেটারদের প্রথম চ্যালেঞ্জ। প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত কতজন চূড়ান্ত তালিকায় টিকে থাকবেন, আর কতজন দল পাওয়ার সুযোগ পাবেন, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
মুস্তাফিজকে ছাড়াই এবার আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্বের সম্ভাবনা তৈরি হয়েছে ১২ ক্রিকেটারকে ঘিরে। তবে নিলামের চূড়ান্ত তালিকা ও ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের ওপরই নির্ভর করছে তাঁদের আইপিএল-ভাগ্য।


