
ছাত্রদলের সংঘর্ষে পরস্পরকে দুষলেন লিমন-মান্না, হামলা-ভাঙচুর ও গুলির অভিযোগ; চাঁদাবাজির পাল্টা দাবি;
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দায়ী করেছেন নেতারা। হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ ও আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার পক্ষ। এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মান্না ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তরের পদ দুই মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ধাওয়া-পাল্টাধাওয়া, দেশীয় অস্ত্রের ব্যবহার, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে কয়েকজন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
বুধবার পৃথক সংবাদ সম্মেলনে দুই পক্ষ সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে। এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তরের পদ দুই মাসের জন্য স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহসীর আলম।
লিমনের অভিযোগ
সংবাদ সম্মেলনে ইমদাদুল হক লিমন বলেন, রাজপাড়া থানার টিভি পুকুর এলাকার একটি ফাস্টফুডের দোকান থেকে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত পলাতক ছাত্রলীগ নেতা শাইনুরকে ছাত্রজনতা আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় সাফায়েত হোসেন মান্নার চাচাতো ভাই কৌশিক বাধা দেন। এ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী, ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়।
লিমনের ভাষ্য, ওই ঘটনার পর রাত ১০টা ৫১ মিনিটের দিকে মান্না ফোন করে তাঁর সঙ্গে দেখা করতে চান। তিনি নগরের জাদুঘর মোড়ে অবস্থানের কথা জানালে মান্না সেখানে আসেন। পরে মান্নার সঙ্গে কৌশিক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তরসহ ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর ও সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি রাজশাহী মহানগর যুবদলের নেতা সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল রায়সহ কয়েকজনের সঙ্গে অবস্থান করছিলেন।
লিমন অভিযোগ করেন, হামলার পর কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের বিষয়টি জানালে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে দরগাপাড়া, পাঠানপাড়া ও হোসনিগঞ্জ এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিরোধ করলে হামলাকারীরা পিছু হটে। তবে জাদুঘর মোড়ের বিপরীত পাশে দরগাপাড়া সড়ক থেকে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ অব্যাহত ছিল বলেও দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগকে অপপ্রচার দাবি করে লিমন বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে এসব অভিযোগ প্রমাণিত হলে তিনি সদস্যসচিব পদ থেকে অব্যাহতি নেওয়ার পাশাপাশি আইনের কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছাত্রদলের যেসব নেতাকর্মী জড়িত, তাঁদের বিরুদ্ধেও তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মান্নাতের পাল্টা অভিযোগ
অন্যদিকে, সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নাত বলেন, ছাত্রলীগের ওই নেতাকে আটক করার ঘটনায় তাঁদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তাঁর চাচাতো ভাই কৌশিক একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কাজ শেষে তিনি আইসিটি কলেজের সামনে পুকুরপাড়ে খাবার খেতে গেলে তাঁর সামনে থাকা এক ব্যক্তিকে কয়েকজন মারধর করেন। এ সময় কৌশিক বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতেই তাঁরা সেখানে যান।
মান্নাতের দাবি, তাঁর ভাইকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানাতে গেলে মহানগর ছাত্রদলের সদস্যসচিব লিমন ও তাঁর অনুসারীরা হামলা করেন। পরে তাঁর বাসায়ও সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ ও সিসিটিভি রেকর্ড রয়েছে বলে দাবি করেন তিনি।
মান্নাত অভিযোগ করেন, লিমন রাজশাহীতে চাঁদাবাজি ও আওয়ামী লীগ পরিচয়ে মানুষকে হয়রানির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি। এসব অভিযোগের তদন্ত করে কেন্দ্রীয় ছাত্রদলকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মান্না।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর বলেন, খবর পেয়ে তাঁরা জাদুঘর মোড়ে গেলে লিমন ও তাঁর অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন। এ সময় তাঁরা প্রতিরোধের চেষ্টা করেন। তাঁর দাবি, তাঁদের পক্ষ থেকে কোনো দোকানপাটে আগুন দেওয়া হয়নি; বরং হামলার পর তাঁদের পিছু নেওয়ার সময় দোকানপাটে আগুন দেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
দুই পক্ষই হামলা, সহিংসতা ও বিভিন্ন অপরাধের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান কালবেলাকে বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বোয়ালিয়া থানার পুলিশ কাজ করছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংঘর্ষে গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


