
ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) এবং ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্যসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে নির্ধারিত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য বিদ্যালয়গুলো নিজ নিজ নোটিশ বোর্ডে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ভর্তি কার্যক্রম পরিচালিত হবে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৭ (সংশোধিত)’ অনুযায়ী।
যে তারিখে কোন শ্রেণির পরীক্ষা
মাউশির নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে তিনটি গ্রুপে ভাগ করে।
‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার)। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
‘বি’ গ্রুপের পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর (শুক্রবার)। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ‘সি’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর (শনিবার)। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হবে।
পরীক্ষার মানবণ্টন
ভর্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মোট ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এক ঘণ্টার এ পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।
অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। দুই ঘণ্টার পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে।
কোটায় ভর্তির ক্ষেত্রে বিশেষ নির্দেশনা
কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্যও বিশেষ নির্দেশনা দিয়েছে মাউশি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরদিন সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। এ সময় কোটার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে। নির্ধারিত কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তির যোগ্যতা হারাবে। সে ক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে।
গ্রুপভিত্তিক বিদ্যালয়ের তালিকা
মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘এ’ গ্রুপে রয়েছে ১৬টি বিদ্যালয়। এগুলো হলো— গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভ. গার্লস হাই স্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কামরাঙ্গীর চর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
‘বি’ গ্রুপে রয়েছে ১৬টি বিদ্যালয়। এগুলো হলো— মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট মডেল হাই স্কুল, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়, জুরাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়, শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।
অন্যদিকে, ‘সি’ গ্রুপে রয়েছে ১৭টি বিদ্যালয়। এগুলো হলো— ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়, ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মোল্লার টেক উদয়ন উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।


