
দীর্ঘদিন দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নযরুর রহমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
২০১৮ সালে পাকিস্তানের তৎকালীন তাবলিগ জামাতের আমির মাওলানা হাজি আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর নযরুর রহমান এ দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি দেশটিতে তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

১৯২৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা নযরুর রহমান। তিনি তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। রায়উইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও ভূমিকা রাখেন।
সোমবার রাতে পাকিস্তানের রায়উইন্ডে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তাঁর ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি ও বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিলও শোক জানিয়েছেন।


