
বাংলাদেশের সীমান্তে বিজেপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে সভা-সমাবেশ করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে গঙ্গা চুক্তির নবায়ন ও উত্তরাঞ্চলের নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্তে চক্রান্ত চলছে। বিজেপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে সীমান্তে সভা-সমাবেশ করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের নদ-নদী নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি হবে কি না কিংবা চুক্তি নবায়ন করা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
তিনি বলেন, পানিসম্পদমন্ত্রী দুইটি চিঠি পাঠিয়েও কোনো উত্তর পাননি বলে জানিয়েছেন। এর মধ্য দিয়ে পদ্মাপাড়ের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গ ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক।
বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে বিচারের কার্যক্রম স্থবির ছিল। নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি জয়ী হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জিতেছে বিএনপি। এখন আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় জাতীয় ঐক্যের কথা বলছে দলটি।
তিনি প্রশ্ন করেন, গত আট মাস কিংবা ৫ আগস্টের পর জাতীয় ঐক্যের উদ্যোগ কোথায় ছিল? বিএনপি বারবার জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর বিরোধী দলে থেকেও আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি বিএনপি। এখন সরকারে থেকেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের আমলে একজন সংসদ সদস্য গোপালগঞ্জে যেতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেন এনসিপি নেতা।
নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির হাত থেকে জনগণকে রক্ষা করতে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র, তরুণ, শ্রমিক ও জনতাকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। খুনি হাসিনাকে দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনার বিচার দাবি করে তার বক্তব্যে মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানান।
আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। বিএনপির আপসকামিতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করলে তা ভুল হবে। ভারতসহ বিশ্বের অন্য পরাশক্তিগুলো পাশে থাকলেও বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতিতে সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি।
এর আগে নগরীর আলুপট্টির মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।


