
ক্লাসে শিক্ষার্থী একজন, মন্ত্রীর প্রশ্ন ‘আমার ছাত্র কই?’
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতির কারণ জানতে চেয়ে শিক্ষকদের জবাবে অসন্তোষ প্রকাশ করেন তিনি। অন্যদিকে, শিক্ষার্থীর সংখ্যা বেশি ও পরীক্ষার ফল ভালো—এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শিক্ষার্থী নেই কিংবা ফল খারাপ—এমন প্রতিষ্ঠান ভবন পাবে না বলেও স্পষ্ট করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহীর বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি কম দেখে শিক্ষকদের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে এক নারী শিক্ষক জানান, ক্লাসে একজন ছাত্রী উপস্থিত আছে। ওই ক্লাসে মোট ১৫ জন শিক্ষার্থী রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী জানতে চান, ‘মেয়েরা আসে না?’ শিক্ষক জবাবে বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’আরেক শিক্ষক জানান, শিক্ষার্থীরা এখনো ক্লাসে আসেনি। শিক্ষকদের ভাষ্য, শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহা রয়েছে। তাদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
পরিদর্শন শেষে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দের বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীর সংখ্যা বেশি ও পরীক্ষার ফলাফল ভালো—এমন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন দেওয়া হবে। তবে শিক্ষার্থী নেই কিংবা ফলাফল খারাপ—এমন প্রতিষ্ঠান নতুন ভবন পাবে না।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে প্রশ্নপত্র ফাঁস, নকল কিংবা শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। পরীক্ষার খাতায় না লিখে নম্বর পাওয়ার সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের যথাযথভাবে পরীক্ষায় অংশ নিতে হবে এবং শিক্ষকদেরও নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের ফল নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, এবার এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। এ কারণে দ্বিতীয় দফায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে উত্তীর্ণ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি বেতন-ভাতা গ্রহণ করে শ্রেণিকক্ষের বাইরে কোচিং সেন্টারে পাঠদান করা যাবে না। শিক্ষকদের মূল দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা। ক্লাস বাদ দিয়ে কোনো শিক্ষক মিছিল-মিটিংয়ে অংশ নিলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
রাজশাহীর বিড়ালদহ কলেজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়া বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


