
রাজশাহীর দুর্গাপুরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

ইউএনও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে কাউকে ছাড় দেওয়া হবে না।


