
মিস ইউনিভার্সের মুকুট জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এ জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি প্রতিযোগিতায় পাশে থাকার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি তুলে ধরে মাহি লেখেন, তাঁকে ঘিরে দেশের মানুষের অনেক স্বপ্ন ও প্রত্যাশা ছিল। তাঁকে ভালোবাসা, দোয়া, ভোট ও সময় দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে চেয়েছিলেন।

নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন উল্লেখ করে মাহি বলেন, দেশের মানুষ ও তাঁদের ভালোবাসার প্রতিনিধিত্ব করতে নিজের জায়গা থেকে কোনো কমতি রাখেননি। তবুও প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত।
প্রত্যাশিত ফল না পেলেও এই যাত্রাকে ব্যর্থতা হিসেবে দেখছেন না মাহি। তাঁর মতে, সব চেষ্টা প্রত্যাশিত ফল না আনলেও অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতির মূল্য থাকে। দেশের মানুষের ভালোবাসাকে যেকোনো অর্জনের চেয়ে বড় বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্ব উল্লেখ করে মাহি লেখেন, দেশের মানুষের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান। তাঁকে বিশ্বাস করা ও পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ১১৬ প্রতিযোগীর সঙ্গে অংশ নেন সামিরা খান মাহি। তবে প্রথম বাছাইয়ে সেরা ৩০-এ জায়গা হয়নি তাঁর। এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।


