
পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন উত্তরাঞ্চলের নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, পদ্মা ব্যারেজ নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলা, নদ-নদীর প্রবাহ স্বাভাবিক রাখা এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায়ও প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের শিক্ষক, কৃষিবিদ, নদী বিশেষজ্ঞ, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
মূল প্রবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় প্রকল্পটির প্রথম পর্যায়ের অনুমোদনের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের তথ্যের বরাত দিয়ে প্রবন্ধে বলা হয়, পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষি সেচের আধুনিকায়ন ও উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূরীকরণে সরকারের পরিকল্পনার সঙ্গে প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ।
প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, ফারাক্কার প্রভাবে পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের বিস্তীর্ণ অঞ্চল মরুকরণের ঝুঁকিতে পড়েছে। পানির অভাবে গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদীগুলোও সংকুচিত হচ্ছে। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মিত হলে পদ্মার মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে বলে প্রবন্ধে দাবি করা হয়।
সমীক্ষার তথ্য তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়, পদ্মা ব্যারেজ চালু হলে জাতীয় জিডিপিতে সরাসরি ০.৪৫ শতাংশ অবদান রাখার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বছরে প্রায় আট হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে। উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী পয়েন্টে ইনটেক স্ট্রাকচার ও কেন্দ্রীয় পাম্প স্টেশন স্থাপন করা হলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিস্তীর্ণ খরাপ্রবণ কৃষিজমি সেচের আওতায় আনা সম্ভব বলেও প্রবন্ধে উল্লেখ করা হয়।
সেমিনারে আলোচকেরা পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, প্রথম পর্যায়ের কাজ শুরুর পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের কার্যকর পরিকল্পনাও নিতে হবে। ব্যারেজ নির্মাণের পর বরেন্দ্র অঞ্চলের জন্য উত্তর-রাজশাহী সেচ প্রকল্প এবং বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
এ ছাড়া বরেন্দ্র অঞ্চলের ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দিঘি প্রয়োজনে অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান বক্তারা। ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সমন্বিত রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণের ওপরও তাঁরা গুরুত্ব দেন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম।
এ ছাড়া বক্তব্য দেন বিএমডিএর প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন ও মফিজ উদ্দিন সরকারসহ অন্যরা।
বক্তারা বরেন্দ্রভূমির কৃষি ও পানি ব্যবস্থাপনার জন্য উত্তর-রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মৃতপ্রায় বড়ালসহ অন্যান্য ছোট নদীর টেকসই পুনরুজ্জীবনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।


