
থ্রো ইনে বাধা, পাল্টা মুখে বল ছুড়ে মারেন আর্জেন্টাইন তারকা; দুজনকেই হলুদ কার্ড, সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
বল থ্রো ইনের সময় কলম্বাস ক্রুর খেলোয়াড় গনজালো তাপিয়ার মুখে দুইবার বল দিয়ে আঘাত করেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। এমন আচরণের পরও মেসিকে লাল কার্ড দেখানো হয়নি, বরং হলুদ কার্ড দেখান রেফারি। একই ঘটনায় হলুদ কার্ড দেখেন বলের আঘাত পাওয়া তাপিয়াও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অনেক ফুটবলপ্রেমীর মতে, মেসির এমন আচরণে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে বল মাঠের বাইরে চলে গেলে থ্রো ইনের জন্য হাতে বল নেন মেসি। এ সময় তার সামনে দাঁড়িয়ে থ্রো ইনে বাধা দেওয়ার চেষ্টা করেন তাপিয়া। পরিস্থিতির মধ্যে মেসি প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে হালকা আঘাত করেন। পরে তাপিয়া হাত তুলে বাধা দেওয়ার পর কিছুটা পেছনে সরে গেলে তার মুখ লক্ষ্য করে আবারও বল ছুড়ে মারেন মেসি।
কিছুক্ষণের মধ্যেই রেফারি এসে দুজনকে হলুদ কার্ড দেখান। বলের আঘাত পাওয়া তাপিয়াকে কেন সতর্ক করা হলো, আর মেসির আচরণ কেন লাল কার্ডের পর্যায়ে বিবেচিত হলো না—এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মতবিভক্তি দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন, অন্য কোনো খেলোয়াড় এমন আচরণ করলে তাকে সরাসরি মাঠ থেকে বহিষ্কার করা হতো।
ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তাপিয়াও। তার দাবি, বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় মেসিকে প্রতিপক্ষ খেলোয়াড়দের তুলনায় বাড়তি সুবিধা দেওয়া হয়েছে।
তাপিয়া বলেন, ‘তিনি ক্ষুব্ধ ছিলেন যে আমাদের সমর্থকরা (কলম্বাসের সমর্থকরা) “রোনালদো তোমার চেয়ে ভালো”, “রোনালদো তোমার চেয়ে ভালো” বলে স্লোগান দিচ্ছিল। সত্যি বলতে, পরিস্থিতি যদি উল্টো হতো এবং আমি যদি মেসিকে আক্রমণ করতাম, তাহলে আমাকে শতভাগ মাঠ থেকে বের করে দেওয়া হতো, এটা সবাই জানে। ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত, কিন্তু তা নেই। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছে, তারা মেসিকে তার প্রতিপক্ষদের চেয়ে বিশেষ সুবিধা দিয়েছে।’
ফুটবলের নিয়ম অনুযায়ী, থ্রো ইনের সময় প্রতিপক্ষ খেলোয়াড় টাচলাইন থেকে দুই মিটারের কম দূরত্বে অবস্থান করে থ্রোয়ারকে বাধা দিলে এবং থ্রোয়ার বিরক্ত হয়ে ইচ্ছাকৃতভাবে তার দিকে বল ছুড়ে মারলে উভয় খেলোয়াড়ই শৃঙ্খলামূলক শাস্তির মুখে পড়তে পারেন। থ্রো ইনে বাধা দেওয়ার জন্য প্রতিপক্ষ খেলোয়াড়কে অখেলোয়াড়োচিত আচরণের দায়ে হলুদ কার্ড দেখানো হতে পারে। অন্যদিকে, থ্রোয়ার বেপরোয়া আচরণ করলে তাকেও হলুদ কার্ড দেখানো হবে। তবে অতিরিক্ত বল প্রয়োগ করে আঘাত করলে সহিংস আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করা হতে পারে।
এই ঘটনায় রেফারির সিদ্ধান্ত অনুযায়ী, মেসির আচরণ বেপরোয়া হিসেবে বিবেচিত হয়েছে, আর থ্রো ইনে বাধা দেওয়ার কারণে তাপিয়াকেও সতর্ক করা হয়েছে।
মেসি লাল কার্ড পেলে বড় ধাক্কা খেতে পারত ইন্টার মায়ামি। প্লে-অফের বেস্ট অব থ্রি সিরিজের প্রথম ম্যাচেই তারা ৩-০ গোলে হেরেছে। তবে কলম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়া মনে করেন, মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল।
তিনি বলেন, ‘সবাই জানে, ওটা হলুদ কার্ডের চেয়েও বেশি কিছু ছিল।’
মেজর লিগ সকারের (এমএলএস) এ ঘটনা পর্যবেক্ষণ করা উচিত কি না, এমন প্রশ্নে কলম্বাস ক্রুর কোচ পুরো পরিস্থিতিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন।


