
নতুন সাজে হাজির মেহজাবীন, কী বলছেন অনুসারীরা?
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার দেখা গেল ভিন্ন এক সাজে। সম্প্রতি লাল শাড়িতে বধূরূপে ভক্তদের নজর কাড়ার পর এবার পশ্চিমা ধাঁচের পোশাকে হাজির হয়েছেন তিনি। তাঁর নতুন এই লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন।
ছবিতে কালো রঙের স্লিভলেস পোশাকের সঙ্গে লেদারের জ্যাকেট পরতে দেখা যায় তাঁকে। খোলা চুল, কালো ক্যাট-আই সানগ্লাস ও হালকা মেকআপে ছিল তাঁর পুরো সাজ। নিজের এই নতুন লুকের অনুপ্রেরণা হিসেবে জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ’র কথা জানিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’ যুক্ত করেছেন তিনি।

মেহজাবীনের এমন ব্যতিক্রমী সাজ দেখে অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর নতুন লুকের প্রশংসা করেছেন, আবার কেউ নেতিবাচক মন্তব্য করেছেন। কয়েকজন অনুসারী তাঁর পোশাক ও সাজ নিয়ে কটাক্ষ করার পাশাপাশি বিদেশি অভিনেত্রীদের অনুকরণের অভিযোগও তুলেছেন। তবে এসব মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।
এদিকে অভিনয়ে এখন সিনেমায় বেশি মনোযোগী মেহজাবীন। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’-এ যুক্ত হয়েছেন তিনি। রোমান্টিক গল্পের এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন আফরান নিশো।


