
১৬ ডিসেম্বর ঢাকা দখলের বক্তব্যের অভিযোগ তুলে ভারতের মন্ত্রীকে রিজভীর ধিক্কার | ‘জনগণ কি আমলকী চুষতে থাকবে?’
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি বরদাশত করা হবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের একজন মন্ত্রী ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন বলে অভিযোগ করে তিনি বলেছেন, ‘আমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে? আমাদের সার্বভৌমত্বের এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো শক্তি এখানে দখল নিতে পারবে না।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। ভারতের একজন মন্ত্রীর এমন বক্তব্যের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান তিনি।
রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ঢাকা দখলের কথা বলছেন। এটা কোনো নিচের পর্যায়ের কর্মী বললে আমার কিছু বলার ছিল না। কিন্তু একজন মন্ত্রী, পরিবহনমন্ত্রী এ কথা বলছেন। আমি এর ধিক্কার জানাই।’
মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ৩০ লাখ মানুষের জীবন এবং দুই লাখ মা-বোনের নির্যাতনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা, পতাকা ও নিজস্ব ভূখণ্ড পেয়েছে। এমন আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন দেশের রাজধানী দখলের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তির ভূমিকা নিয়ে কথা বলেন রিজভী। তাঁর অভিযোগ, ছাত্র-জনতার তাড়া খেয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তাঁর ‘রক্তের নেশা’ এখনো কাটেনি বলেও মন্তব্য করেন তিনি।
রিজভীর দাবি, বিদেশ থেকে নির্দেশনা পেয়ে দেশে থাকা আওয়ামী লীগের অবশিষ্ট অংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমায় অগ্নিসংযোগ, হাসপাতালে হামলা এবং বিএনপির নেতাকর্মীদের হত্যার মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় বিএনপির তিন নেতাকর্মী নিহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতির মধ্যেও তারেক রহমান গণতান্ত্রিক রীতিনীতি মেনে দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেন রিজভী। তাঁর ভাষ্য, ১৭ বছর ধরে গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চেহারা দেওয়ার চেষ্টা করছেন তারেক রহমান। সেই পরিস্থিতিকে আবারও কলঙ্কিত করতে নানা তৎপরতা চলছে।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার ধরন নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত পথ অবলম্বন করলেও সরকার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত কিংবা নির্মম ব্যবহার করছে না। বরং সহনশীল অবস্থান থেকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে সরকার।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও আব্দুস সালাম আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মিলটন ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


