
প্রতিমণ্ডপে ২০ হাজার টাকা, ওয়াইফাই ও নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রতিটি মণ্ডপকে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা করে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে ওয়াইফাই সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পর্যাপ্ত আলোকসজ্জা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির নেতা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করাই সবার লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলো উদ্যোগ নিয়েছে। রাসিকের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজশাহীকে গ্রিন সিটি ও ক্লিন সিটির পাশাপাশি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ওয়াইফাই, বিদ্যুৎ ও নিরাপত্তায় বিশেষ গুরুত্ব
সভায় পূজামণ্ডপের নেতারা ওয়াইফাই সংযোগের দাবি জানান। তাৎক্ষণিকভাবে প্রতিটি মণ্ডপে ওয়াইফাই সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাসিক প্রশাসক।
এ ছাড়া পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার মোতায়েন, প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। ৮৫টি মণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, আশপাশের সড়ক মেরামত ও পরিচ্ছন্ন রাখা এবং বিসর্জন ঘাট প্রস্তুতের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
অগ্নিকাণ্ড প্রতিরোধে মণ্ডপ কমিটিগুলোকে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়। বিসর্জনের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় সরঞ্জামসহ ডুবুরি দল মোতায়েন এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতা ও মণ্ডপ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


