
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিন বাহিনীর যৌথ মহড়া
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
মহড়া চলাকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
মহড়ার মূল উদ্দেশ্য তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত সক্ষমতা, কৌশলগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা তুলে ধরা।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


