
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভারতের উদ্দেশে দুদু বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুক, তা বিএনপিও চায়। তবে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে আশ্রয় দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। তাকে যতদিন ভারতে রাখা হবে, ততদিন বাংলাদেশসহ বিশ্বজুড়ে ভারত সমালোচিত হবে।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গত ৫০-৫৫ বছরে শেখ হাসিনার মতো শাসক দেশে আসেননি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও তিনি শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। তার পুনরায় দেশে ফেরার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি নিয়েও সমালোচনা করেন শামসুজ্জামান দুদু। তিনি দাবি করেন, দলটির কর্মকাণ্ড ও অন্যায় দেশের মানুষ মেনে নেয়নি। এ সময় রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
বর্তমান সরকার ও নেতৃত্বের প্রশংসা করে দুদু বলেন, দেশ পরিচালনায় নিয়োজিত নেতৃত্ব জনবান্ধব এবং মন্ত্রিপরিষদের সদস্যরা দীর্ঘদিন ধরে পরীক্ষিত। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।


