
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কল্যাণ বিবেচনা করে এবার অত্যন্ত সময়োপযোগী, কৃষকবান্ধব ও জনবান্ধব বাজেট পেশ করা হয়েছে। বিগত ৫০ বছরের ইতিহাসে সাধারণ মানুষের জন্য এমন সুন্দর বাজেট আর হয়নি। কৃষক, শ্রমিক ও রিকশাচালকসহ সব শ্রেণির মানুষের জীবনযাত্রা সহজ করতে এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হুইপ দুলু তার বক্তব্যে উল্লেখ করেন, ধান, চাল, তেল, আটা ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বাজেটে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। এটি মূলত গরিবের বাজেট। বিপরীতে বড়লোকদের ব্যবহৃত বিলাসিতার পণ্য যেমন- মদ, সিগারেট ও এসি গাড়ির ওপর শুল্ক ও দাম বাড়িয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।


