
আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন শেষ হবে ২৭ মে। প্রতিটি ধাপের ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) বৈঠক শেষে নির্বাচনের এ সময়সূচি জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। এরপর তৃতীয় ও চতুর্থ ধাপে যথাক্রমে ২৯ এপ্রিল ও ১৩ মে ভোটগ্রহণ করা হবে। পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন হবে ২৭ মে।

নির্বাচন কমিশনার জানান, প্রতিটি নির্বাচনের ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তফসিল ঘোষণা করবেন।
ইসি সানাউল্লাহ বলেন, কোনো একটি অঞ্চলকে আলাদা করে নয়, বরং দেশের সব জেলায় একযোগে নির্বাচনি কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে জেলা সদর উপজেলাগুলো এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে প্রথম দিকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ বিবেচনায় নিয়ে প্রথম ধাপের ভোটের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত পাঁচ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়ে আগামী ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হবে।


