
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। ২০২৫ সালে তার আগের বছরের তুলনায় সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে ৩৯ দশমিক ৩৬ শতাংশ। গত বছর নিট এফডিআই এসেছে ১৭৭ কোটি ৭০ লাখ ডলার। আগের বছর নিট এফডিআই এসেছিল ১২৭ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নিট নতুন বিনিয়োগ বা ইক্যুইটি এসেছে ৫৫ কোটি ৪৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮৪ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে ইক্যুইটি বিনিয়োগ ছিল ৫৪ কোটি ৪৬ লাখ ডলার। অর্থাৎ নতুন করে বিদেশ থেকে বিনিয়োগের আসার প্রবনতা খুবই ধীর গতি। গত বছর নিট এফডিআইয়ের ৭৮ কোটি ১৬ লাখ ডলার এসেছে পুনর্বিনিয়োগ আয় থেকে, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৬৮ শতাংশ বেশি। এছাড়া গত বছরে আন্তঃকোম্পানি ঋণ থেকে এসেছে ৪৩ কোটি ৪১ লাখ ডলার, যা তার আগের বছরের তুলনায় ৩১৮ দশমিক ২৩ শতাংশ বেশি। ২০২৪ সালের এ খাতে ঋণ এসেছিল ১০ কোটি ৩৮ লাখ ডলার। অর্থাৎ আন্তঃকোম্পানির ঋণের বৃদ্ধির প্রভাবে নিট এফডিআই বেড়েছে।



