
রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন ও শিক্ষক দিবসকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে ১৫০টি বৃক্ষরোপণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব গাছ লাগানো হয়। এর মধ্যে আলী রাইহান ভবনের পেছনের অংশে অধিকাংশ বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি এবং শিক্ষক দিবসকে তাৎপর্যপূর্ণ করতে ১৫০টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এর আগেও কলেজে বৃক্ষরোপণ করা হয়েছে এবং ভবিষ্যতেও ক্যাম্পাসের সম্ভাব্য সব জায়গায় বৃক্ষরোপণ করা হবে।

তিনি বলেন, কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে। এর মধ্যে আম, জাম, আতা, অস্ট্রেলিয়ান জাম্বুরা, নিম, কৃষ্ণচূড়া ও মেহগনিসহ বিভিন্ন জাতের গাছ রয়েছে।
অধ্যক্ষ বলেন, কলেজ ক্যাম্পাসের প্রায় সব জায়গাতেই গাছ রয়েছে। শুধু শহীদ আলী রাইহান ভবনের পেছনের অংশটি অপরিষ্কার থাকায় এতদিন বৃক্ষরোপণ করা সম্ভব হয়নি। এবার ওই অংশটিও বিভিন্ন প্রজাতির বৃক্ষ দিয়ে সবুজায়নের আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, ১০ তলা আলী রাইহান ভবনের সামনেও একটি নান্দনিক বাগান করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ আবু মো. ইউনুছ আলী। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কলেজের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনসিসি, বিজনেস ক্লাব, রোভার স্কাউট, রেঞ্জার্স ইউনিট ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


