
প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগাতে রাজশাহীর পবা উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ পশু চিকিৎসা শেড স্থাপন, পশু বীমা চালু ও খামারিদের ঋণপ্রাপ্তির জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষি খাতে প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। বর্তমানে প্রায় ৯৪ হাজার কোটি টাকার এই খাত দেশের অর্থনীতি, গ্রামীণ কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
খামারিদের সমস্যা সমাধানে পবায় আধুনিক পশু হাসপাতালে অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ রুম নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ চিকিৎসা শেড স্থাপন, খামারি ও ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সেমিনারের মাধ্যমে ঋণপ্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রান্তিক খামারিদের আর্থিক নিরাপত্তায় পশু বীমা চালুর প্রস্তাব সরকারের কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
ইউএনও খামারিদের নিম্নমানের গো-খাদ্য ও অনিয়মিত অ্যান্টিবায়োটিক প্রয়োগ পরিহারের আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে নিয়মিত টিকাদান, মানসম্মত খাদ্য ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এতে রোগবালাই কমার পাশাপাশি উৎপাদন ও খামারিদের আয় বাড়বে। প্রান্তিক ও নারী উদ্যোক্তাদের সহায়তায় সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, নগদ অর্থ ও সহজ শর্তে ঋণের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল লতিফ প্রাণিসম্পদ খাতকে ‘জীবন্ত ব্যাংক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার অন্যতম অবলম্বন এ খাত। নারীর কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও প্রাণিসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উপজেলার উৎপাদন চিত্র তুলে ধরে তিনি জানান, পবায় বছরে দুধের চাহিদা ৫১ হাজার মেট্রিক টনের বিপরীতে উৎপাদন ৫১ দশমিক ৩০ হাজার মেট্রিক টন এবং মাংসের চাহিদা ২৩ হাজার মেট্রিক টনের বিপরীতে উৎপাদন ২৩ দশমিক ২ হাজার মেট্রিক টন। ডিমের উৎপাদনও বার্ষিক চাহিদার চেয়ে বেশি। ফলে দুধ, মাংস ও ডিম উৎপাদনে উদ্বৃত্ত অবস্থানে রয়েছে উপজেলা।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে। সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় উপজেলার ১০ সফল খামারিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহ, শাহমখদুম থানার ওসি মোহাম্মদ আকবর আলী, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সোহরাব খান। খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন শুভ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী দেওয়ান সাদেক আহমেদ মাস্টার। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, খামারি ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।



