
পুঠিয়া (রাজশাহী ) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর বাজার বণিক সমিতির নির্বাচন দীর্ঘ ১৪ বছর ধরে অনুষ্ঠিত না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। ব্যবসায়ীদের অভিযোগ, নিয়মিত নির্বাচন না হওয়ায় সমিতির জবাবদিহিতা ও কার্যক্রম স্থবির সৃষ্টি হয়েছে। ফলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা যথাযথভাবে সমাধান হচ্ছে না।
উল্লেখ্য যে গত ২০১২ সালে বণিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হওয়ার পর থেকে আর কোনো নির্বাচন হয়নি।
গত আওয়ামী লীগের শাসনামলে নিয়মনীতি অনুযায়ী একবার নির্বাচন হয়েছিল এবং পরবর্তীতে নির্বাচন ছাড়াই দলীয়ভাবে বণিক সমিতির পরিষদ বর্গ দ্বারা বাজার বণিক সমিতির কার্যাবলী পরিচালিত হয়ে আসছিল। তাছাড়া গত ৫ আগস্টের পর বর্তমান সরকার দলীয় মতিউর রহমান মতিকে বণিক সমিতির সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট পরিষদ বর্গ দ্বারা পরিচালিত হয়ে আসছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সর্বশেষ ২০১২ সালের নির্বাচনের পর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে যেমন নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হচ্ছে না, তেমনি বাজারের উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না।
বানেশ্বর বাজারের একাধিক ব্যবসায়ীর দাবি, বানেশ্বর বণিক সমিতির নতুন করে ভোটার হালনাগাদ করে নির্দিষ্ট সময়ে নির্বাচন হওয়া দরকার।
নাম প্রকাশ না করার শর্তে অনেক ব্যবসায়ী জানান , নিয়মিত নির্বাচন হলে সদস্যদের মতামতের প্রতিফলন ঘটবে এবং নেতৃত্বে জবাবদিহিতা থাকবে। তদের দাবি দ্রুত ভোটার তালিকা হালনাগাদ করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান।
এদিকে দীর্ঘদিন নির্বাচন না হওয়ার বিষয়টি নিয়ে বাজারজুড়ে গুঞ্জন চলছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে বানেশ্বর বণিক সমিতির নির্বাচন সম্পন্ন করবে। এতে বাজার পরিচালনায় স্বচ্ছতা ও ব্যবসায়ীদের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে ব্যবসায়ীরা মনে করেন।



