
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।
প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।


