
৪ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ
রাজশাহী মহানগরীর চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতির উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকবে। রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
রাসিক প্রশাসক আরও বলেন, মহানগরীর যেসব উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো দ্রুত শেষ করা হবে। নাগরিক সেবার মানোন্নয়ন ও নগর উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিফাত ফাউন্ডেশনের মো. জনি।


