
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পেছন থেকে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে ট্রাক ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁরা মদিনা থেকে একটি বাসে করে জেদ্দায় ফিরছিলেন।
জানা গেছে, নিহত সাতজন একাধিক পরিবারের সদস্য। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৫ জনকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।


