
বরিশাল প্রতিনিধিঃ জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করতেন বলে জানা গেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে ব্যুরো অফিসের একটি চাবি থাকত। তিনি প্রায়ই রাতে অফিসে এসে সেখানে কিছু সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে দেখতে পান, অফিসের ভেতর থেকে আটকানো। পরে দরজা কিছুটা ফাঁক করে ভেতরে তাকিয়ে তিনি পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে। পরে ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা কাজ শুরু করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, “ক্রাইম সিন ইউনিট কাজ করছে। আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। যেহেতু ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তারপরও আমরা বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি।”
পুলক চ্যাটার্জি বরিশালের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তিনি জাতীয় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে সাংবাদিকদের অন্যতম সংগঠন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতা জীবনে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনীতি, প্রশাসন, অপরাধ, নাগরিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তিনি সংবাদ পরিবেশন করেছেন। পেশাগত জীবনে সহকর্মীদের কাছে তিনি একজন অভিজ্ঞ ও পরিচিত সাংবাদিক হিসেবে ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে বরিশালের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সাংবাদিক নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


