
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৬ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সহায়তায় সরকারিভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ১৬ জন নিহত, আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের মাঝে সর্বমোট ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। জেলার ১২ জন নিহত পরিবারের মাঝে ৫ লাখ করে ৬০ লাখ টাকা এবং আহত ৪ জনকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বিআরটিএর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার কে ৫ লাখ, মারাত্মকভাবে আহত বা পঙ্গুত্ববরণকারিকে ৩ লাখ এবং আহত ব্যক্তিকে ১ লাখ টাকা দেওয়া হয়। দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ অফিসে নির্দিষ্ট ফরম পূরণ করে তা জমা দিতে হয়।


