
‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন সচিবালয়ের সামনে জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে তাদের একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সড়কের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে তারা অবস্থান নেন।
বিক্ষোভকারীরা বারবার সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়।
‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, “সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি।”
তিনি আরও বলেন, “পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন পর্যন্ত আমাদেরকে স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়নি। বরং নানাভাবে জুলাইকে হেয় করার প্রবণতা দেখা যায়। আমরা আমাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছি। তবে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”


