
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, শীতের কম্বল ফেব্রুয়ারি মাসে বিতরণ করে কোনো লাভ নেই। শীতের আগেই এসব কম্বল বিতরণ করতে হবে, যাতে অসহায় মানুষেরা সঠিক সময়ে এর উপকার পান। উপজেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের নির্দেশও দেন তিনি। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সভায় সার সংকট প্রসঙ্গে আলোচনা হয়। সকালে খাদ্য উপদেষ্টাকে সাংবাদিকদের করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে কৃষি দপ্তরের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, দেশে সারের কোনো ঘাটতি নেই। বরং গত বছরের তুলনায় এ বছর সরবরাহ বেড়েছে। তবে কিছু কৃষক পরবর্তী মৌসুমের জন্য ভর্তুকির সার মজুত করছেন, যা অনৈতিক।
সভায় পাবনার জেলা প্রশাসক বলেন, গত বছর প্রণোদনার আওতায় বিতরণ করা পেঁয়াজের বীজের মান নিম্নমানের ছিল। এবছর যেন একই সমস্যা না হয় সে বিষয়ে কৃষি দপ্তরকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
জয়পুরহাটের জেলা প্রশাসক বলেন, অনেক কৃষক প্রয়োজনের চেয়ে বেশি সার ব্যবহার করছেন এবং হিসাব না করেই অতিরিক্ত আলু চাষ করছেন। তাই প্রণোদনার পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব রাখেন তিনি।
এসময় বিভাগীয় কমিশনার বলেন, কীটনাশক কোম্পানিগুলো ঠিকভাবে মানসম্পন্ন ওষুধ সরবরাহ করছে কিনা তা নিয়মিত মনিটরিং করতে হবে। এ বিষয়ে কৃষি দপ্তরের কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সভাকে জানানো হয়, রাজশাহী বিভাগে টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রার ৫১ শতাংশ দেওয়া সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দ্রুত শেষ করতে নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।
সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে। আগ্রহীদের দ্রুত আবেদন করতে অনুরোধ জানানো হয়।
নির্বাচন দপ্তরের প্রতিনিধি সভায় জানান, আসন্ন নির্বাচনের জন্য রাজশাহী প্রস্তুত। রাজশাহী বিভাগে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে—মোট কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৫০৪টি, যার মধ্যে ২টি অস্থায়ী।
সভায় বিভাগীয় কমিশনার আরও জানান, রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অন্য জেলার শিক্ষার্থী এবং দেশের অন্য জেলার প্রতিষ্ঠানে অধ্যয়নরত রাজশাহীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে বৃত্তি চালু করা হয়েছে। বছরের যেকোনো সময় এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।
তিনি আরও জানান, আগামী শুক্রবার জুমার নামাজের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হবে।


