
দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। সোমবার (১৩ অক্টোবর) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন ও পাম তেল- সব ধরনের ভোজ্যতেলেই দাম বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৫ টাকা, অর্থাৎ লিটারে ৬ টাকা বৃদ্ধি। খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ টাকা। সবচেয়ে বেশি বেড়েছে পাম তেলের দাম- লিটারে ১৩ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা। সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ দাম আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।
এর আগে, গত আগস্টে ভোজ্যতেলের দাম সমন্বয় নিয়ে ব্যবসায়ী সংগঠন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। তখন ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও বাণিজ্য মন্ত্রণালয় মাত্র ১ টাকা বৃদ্ধির অনুমতি দেয়। এতে ব্যবসায়ীরা অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং সরকারের অনুমোদনের পরও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
তবে এবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর সম্মিলিতভাবে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। দাম বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও ডলারের উচ্চমূল্যকে দায়ী করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের দাম ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
এতে সাধারণ ক্রেতাদের নিত্যপণ্যের ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের জন্য রান্নার তেল এখন আরও চাপে ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।


