
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক: সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গত ৭ আগস্ট রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর রাজশাহী রেলওয়ে স্টেশনে রেল কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মো. মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. জিয়াউল আহসান, সিনিয়র লোকো মাস্টার মো. আমিনুল ইসলাম এবং সিনিয়র টিটিই মো. গোলাম মোস্তফাসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৭ আগস্ট ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসের কয়েকজন যাত্রী টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণ করছিলেন। রেলওয়ের নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন বক্তারা।
তাদের অভিযোগ, ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ওই যাত্রীদের সঙ্গে থাকা একটি দল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এএসআই ফজলুর রহমান আহত হন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনরত রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার শামিল। এ ধরনের ঘটনায় রেলকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পরে একই দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মিছিলটি রেলভবনে গিয়ে শেষ হয়।
রেলওয়ে সূত্র জানায়, ৭ আগস্ট সিল্কসিটি এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রী ওঠাকে কেন্দ্র করে ট্রেনের ভেতরে প্রথমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের আসাম কলোনি এলাকার কয়েকজনের সঙ্গে রেলওয়ের কর্মকর্তাদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া ও আরএনবির এএসআই ফজলুর রহমানকে মারধরের অভিযোগ ওঠে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান মানবকণ্ঠকে বলেন, হামলার প্রতিবাদে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। ৭ আগস্টের ঘটনায় ৮ আগস্ট সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া বাদী হয়ে মামলা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ ও তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



