
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরের রক্ত, ত্যাগ ও আন্দোলনের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় এসেছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের পথে হাঁটতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে এবং বিশেষ করে জুলাই আন্দোলনে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে শহর ও গ্রাম মিলিয়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও শিশুরা ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ- ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে।
ঢাকা-১৭ এলাকার সমস্যা তুলে ধরে তিনি যানজট, জলাবদ্ধতা ও দূষণ নিরসনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সঠিক নেতৃত্ব থাকলে দেশ ঘুরে দাঁড়াতে পারে, ইতিহাস তার সাক্ষ্য দেয়। বিএনপির সেই অভিজ্ঞতা ও পরিকল্পনাই আজ দেশের সবচেয়ে বড় শক্তি।
শেষে তারেক রহমান ঢাকা-১৭সহ সারা দেশের ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশ আমাদের, দেশ গড়ার দায়িত্বও আমাদেরই। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।


