
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অংশ নেন জিয়া হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ সীমান্ত।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
মহিউদ্দিন আহমেদ সীমান্ত বলেন, ‘যে অপরাধ করে, তার কোনো পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সে অপরাধী। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমি তাদের কঠোর শাস্তি চাই।’
তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধী হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এতে চার সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।


