
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণের আপগ্রেডেশন নীতিমালায় বৈষম্য দূরীকরণ ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণ। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১:৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই অবস্থান ধর্মঘট পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষক সমিতির সভাপতি আসুতোষ ব্যানার্জি ও সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সহযোগী অধ্যাপক সুলতান সামসুউদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অবস্থান ধর্মঘটের সময় বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণের বিদ্যমান ‘আপগ্রেডেশন নীতিমালা-২০১২’ বাস্তবায়নের সূচনা হলেও সর্বশেষ ২০১৫ সালের জাতীয় পে-স্কেল প্রকাশ হওয়ার পর তা সমন্বয় না হওয়ায় গত এক দশক ধরে শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়ে আসছেন।
এ বিষয়ে ইতোপূর্বে তিনবার সিন্ডিকেট থেকে কমিটি গঠন হলেও কাজের দীর্ঘসূত্রিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হলে উক্ত কমিটি অকার্যকর হয়ে যায়। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের অক্টোবর থেকে অন্তত পাঁচবার সাক্ষাৎ, তিনবার আবেদন এবং সর্বশেষ স্মারকলিপি দেওয়ার পরেও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি বলেও জানান তারা।
উল্লেখ্য, আগামীকাল একই বিষয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয়া হয়।


