
রাসিকের উদ্যোগে অত্যাধুনিক হাসপাতাল গড়ার পরিকল্পনা
রাজশাহীর পুরোনো সিটি হাসপাতালকে অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর রানীনগরে অবস্থিত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শন করে তিনি এ আশ্বাস দেন। হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্রে পরিণত করার সম্ভাবনা দেখছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। এ সময় বহির্বিভাগ, ল্যাব, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটার পরিদর্শন করে সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, হাসপাতালটির আয়তন বড় হলেও ভবনটি অনেক পুরোনো। অতীতে অযত্ন ও অবহেলার কারণে এখানে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয়নি। রাসিক প্রশাসকের হাসপাতাল আধুনিকায়নের পরিকল্পনাগুলো তাঁর কাছে বাস্তবসম্মত মনে হয়েছে।
তিনি বলেন, রাসিক প্রশাসকের নেতৃত্বে এখানে অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা করা হবে।
প্রধানমন্ত্রীর কাছে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন রাসিক প্রশাসক
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে বিগত সরকারের সময়ে হাসপাতালটির উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। সিটি হাসপাতালকে অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করবেন তিনি।
তিনি আরও বলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী হাসপাতালটির আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নগরবাসীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে উল্লেখ করে রাসিক প্রশাসক এ উদ্যোগে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ রাসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


