
রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি দেখা দিয়েছে। ভুক্তভোগী মোঃ আবু হেনা (৫২), মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ০৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি তাঁর লিভো প্লাস ১১০ সিসি মোটরসাইকেল (ইঞ্জিন নং–JC87E-1001671, চেসিস নং–PSOJC8790MH501011, রং–সুরমা, মূল্য–৳১,২৯,০০০) উপজেলা সমবায় অফিস সংলগ্ন পার্কের গেটের সামনে রেখে ৪র্থ তলায় অফিসের কাজে যান। কিন্তু সকাল ১১টা ৫০ মিনিটে ফিরে এসে দেখেন, তাঁর মোটরসাইকেলটি আর সেখানে নেই। পরে আশেপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মোঃ আবু হেনা সন্দেহ করছেন, সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে অজ্ঞাত চোর বা চোরচক্র তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
অভিযোগে তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“নিজেদের জায়গাতেই নিরাপত্তা নেই। উপজেলা চত্বরেই যদি চুরি হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় আছে, তা বোঝাই যায়। আমরা চাই আমাদের মোটরসাইকেলটি উদ্ধার হোক এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।”
এই ঘটনায় স্থানীয়রা জানান, মোহনপুর উপজেলা চত্বরের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা এর আগেও বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়েছে। বর্তমানে পুরো চত্বরেই স্থাপিত সিসি ক্যামেরাগুলো নষ্ট থাকায় অপরাধীরা নির্বিঘ্নে এ ধরনের কাজ করতে পারছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পক্ষের পক্ষে সাক্ষ্য দিয়েছেন— ১. মোঃ মহাসিন আলী মুন্টু (৬০), পিতা মৃত আঃ হাকিম,২. মোঃ নাজমুল হোসেন (৩২), পিতা মোঃ হেকমত উল্লাহ, উভয়ের বাড়ি বসন্তপুর, মোহনপুর, রাজশাহী।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং মোটরসাইকেলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তদন্ত ও অভিযান চালানো হবে। স্থানীয় সচেতন মহল দ্রুত সিসি ক্যামেরাগুলো সচল করা ও উপজেলা চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।


