
.স
স্টাফ রিপোর্টার : রাকিবুল ইসলাম

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৮০ পিস ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাকিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি উপজেলার বিলপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলাম মন্টুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিবুল হাসান মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।১ জানুয়ারী ২০২৬ রোজ:বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার বরইকুড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মোহনপুর থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী। তিনি জানান, স্থানীয় একটি চায়ের দোকানের পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা শাকিবুল হাসানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।
এসআই ইয়ামিন আলী বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাই। তাকে আটকের পর তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমি নিজেই বাদী হয়ে মামলা করব। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।” তবে নতুন দায়িত্বে যোগ দেওয়ায় ছাত্রদল নেতা হিসেবে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা নেই বলে জানান এ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিবুল হাসান দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। তার ফেসবুক প্রোফাইলে নিজেকে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখন ঢাকায় আছি। ঘটনাটি শুনেছি। যদি কেউ ব্যক্তিগতভাবে মাদকের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সেটি তার নিজস্ব দায়িত্ব। সংগঠন এ ধরনের কর্মকাণ্ডের দায় নেবে না।”
মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, মাদকের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।


