
আমির হামজা, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে রাজশাহীর পবা উপজেলার নামাজগ্রাম বেলতলা ঢালান এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারীসহ দুইজন নিহত হন।
নিহতদের মধ্যে একজন হলেন মোঃ সান্ত ইসলাম (৩০)। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। অপর নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন পবা হাইওয়ে থানার ওসি, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এবং রাজশাহী চৌদ্দপায়ী ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা লাশ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


