
নিজস্ব প্রতিবেদনঃ বেকারত্বের বৃত্ত ভেঙে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করার অঙ্গীকার নিয়ে রাজশাহীতে শুরু হলো নতুন এক উদ্যোগ। শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই যাতে কর্মসংস্থান তৈরি করতে পারেন, সেই লক্ষ্যে মহানগরীর দরিদ্র পরিবারের নারী ও পুরুষের হাতে তুলে দেওয়া হয়েছে স্বকর্মসংস্থানের উপকরণ। সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত উপকারভোগীদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়।
ইউএনডিপি ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডকা) সহায়তায় এবং রাসিকের সহযোগিতায় পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিইউসিবি) প্রকল্পের আওতায় মোট ১২০ জন উপকারভোগী এই সহায়তা পেয়েছেন। তাঁদের মধ্যে ১১৫ জনই নারী এবং ৫ জন পুরুষ।

উপকারভোগীদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সরঞ্জাম তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রকল্পের আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে রাস্তায় ভ্রাম্যমাণ ব্যবসার জন্য বিজনেস কার্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, “নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। কেবল চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে আত্মপ্রত্যয়ী হয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, বর্তমানে কয়েকটি এলাকায় কার্যক্রম চললেও পর্যায়ক্রমে এই উদ্যোগ মহানগরীর ৩০টি ওয়ার্ডেই সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ফুটপাত দখলমুক্ত ও পুনর্বাসনের উদ্যোগ
নগর ব্যবস্থাপনার বিষয়ে রাসিক প্রশাসক উল্লেখ করেন, নগরীর ফুটপাত নাগরিকদের নির্বিঘ্ন চলাচলের জন্য উন্মুক্ত রাখা জরুরি। সে লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে একই সাথে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তাঁদের পর্যায়ক্রমে পুনর্বাসনের উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। এছাড়া ইউএনডিপি ও সিডকার মতো আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম সম্প্রসারণে রাসিক সবসময় সহযোগিতা দেবে বলেও তিনি জানান।
প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন
অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি। আবেগমথিত কণ্ঠে তাঁরা জানান, তিন মাসের নিবিড় প্রশিক্ষণের পর এই উপকরণগুলো তাঁদের নতুন জীবনের দিশা দিয়েছে। এখন নিজেদের পায়ে দাঁড়িয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পারবেন তাঁরা।
রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।
অনুষ্ঠানে রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত এক বছর ধরে নগরীর কর্মহীন নারী ও পুরুষদের কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ দেওয়ার পর এই সহায়তা সরঞ্জাম বিতরণ করা হলো।


