
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর দাবি, ওই ঘটনায় জড়িতরা আনসার সদস্য নন; তাঁরা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
আনসার বাহিনীর ভাষ্য, ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক দেখতে আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী ভুলবশত তাঁদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার নয়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য। একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আনসারের সম্পৃক্ততা নেই
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় কোনো আনসার সদস্যের সম্পৃক্ততা নেই। ফলে ঘটনাটির সঙ্গে আনসার সদস্যদের জড়িয়ে সংবাদ প্রকাশ প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছে বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃত তথ্য যাচাই না করে ঘটনাটিতে আনসার সদস্যদের সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এতে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।


