
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাকিবুল ইসলাম
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন ভাওয়ালীপাড়া এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে মোঃ রাব্বি শাহ (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধারে তার মা শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ রাব্বির মা মোছাঃ পারভীন খাতুন (৩৮), স্বামী মোঃ শহীদ শাহ, গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের গোছা গ্রামে। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ২৭ জুন ২০২৬ (শনিবার) রাত আনুমানিক ৮টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ১৭ নম্বর ওয়ার্ডের ভাওয়ালীপাড়া এলাকায় অবস্থিত দারুন নাইম হাফিজিয়া মাদ্রাসা থেকে তার ছেলে মোঃ রাব্বি শাহ নিখোঁজ হয়।
নিখোঁজ রাব্বির বয়স ১৪ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট, ওজন আনুমানিক ৩৫ কেজি, গায়ের রং শ্যামলা এবং মাথার চুল ছোট।
এ ঘটনায় ২৯ জুন ২০২৬ তারিখে শাহ মখদুম থানায় জিডি নং-১২৪২ (ট্র্যাকিং নং- X4GKAF) মূলে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে।
নিখোঁজ কিশোরের মা মোছাঃ পারভীন খাতুন বলেন,
“আমার ছেলেটা কোনো কিছু না বলে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু এখনো তার কোনো সন্ধান পাইনি। আমি প্রশাসনসহ সকলের কাছে আমার ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা কামনা করছি।”
শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,
“নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। কিশোরকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে।”
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি মোঃ রাব্বি শাহের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা তার বাবা মোঃ শহীদ শাহের মোবাইল নম্বর ০১৭৩৭-২৯৭৯১১-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।


