
রাজশাহী মহানগরের মতিহার থানার ডাঁশমারী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাঁশমারী ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে মারামারির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বাসিন্দা মো. তৌফিক আলী এক যুবককে মারধর থেকে উদ্ধার করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়।

পরে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে তৌফিক আলীর বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। প্রাণভয়ে তিনি বাড়ির ছাদে উঠে আত্মরক্ষা করেন।
অভিযোগে আরও বলা হয়, এ সময় হামলাকারীরা ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং জমি কেনার জন্য রাখা নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদেরও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনার সময় ধারণ করা ভিডিও ও স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করেছে পুলিশ।
এ ঘটনায় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানা অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, ঘটনাটি সত্য। আমরা অভিযোগটি তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


