
রাজশাহীতে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অপর ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন মো. আফছার আলী এবং তার ছেলে মো. জিয়ারুল হক। তাদের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহীর চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে আট যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝনদীতে পৌঁছানোর পর অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
নৌকাডুবির ঘটনা দেখে পদ্মা গার্ডেন সংলগ্ন নদীতীরে অবস্থানরত অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় পানিতে তলিয়ে যাওয়া আট যাত্রীর মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে নদীর প্রবল স্রোতে মো. আফছার আলী ও তার ছেলে মো. জিয়ারুল হক নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকার কোনো সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিসের সদস্যরা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন, নৌকার মাঝি এবং এলাকাবাসীও সহায়তা করছেন।


