
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা কমিটির অভ্যন্তরীণ বিরোধের জেরে এক নেতা অপর নেতার হাতে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দিবাগত রাতে নগরীর রানীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। রেস্তোরাঁটির মালিক ও এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের উপস্থিতিতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানিয়েছে একটি দলীয় সূত্র।

আহত ফিরোজ আলম (খড়খড়ি), জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। তাকে মারধরের অভিযোগ উঠেছে একই পদে থাকা নাহিদুল ইসলাম সাজুর (কাটাখালী) বিরুদ্ধে।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে ফিরোজ আলমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তাকে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে।
ফিরোজের স্ত্রী সাথী খাতুন জানান, চিকিৎসক কথা বলতে নিষেধ করেছেন। তবে তিনি জানান, আহত ফিরোজের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
নাহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ভুল বোঝাবুঝি হয়েছিল। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়েছে।”
তবে ঘটনার বিষয়ে জানতে জেলা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম ও বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।


