
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়রথ ছুটছেই চট্টগ্রাম রয়্যালসের। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর এবার সিলেট টাইটানসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাগরপাড়ের দলটি। এই দাপুটে জয়ের সুবাদে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল চট্টগ্রাম।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে সিলেটের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় সিলেট।
দলের পক্ষে একমাত্র আজমতউল্লাহ ওমরজাই লড়াই করেছেন। তিনি ৪১ বলে ৪৪ রান করেন। তবে বাকি ব্যাটারদের কেউই ২০ রানের কোটা পার করতে পারেননি। চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও মির্জা বেগ। এছাড়া একটি করে উইকেট শিকার করেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল।
১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি চট্টগ্রামের ওপেনারদের। মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন উদ্বোধনী জুটিতেই তোলেন ১১৫ রান। নাঈম শেখ ফিফটি করে ৫২ রানে আউট হলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন রসিংটন। তিনি ৭০ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে সাদমান ইসলাম ৭ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন। চট্টগ্রাম যখন জয় নিশ্চিত করে, তখনও হাতে ছিল ২৪টি বল।
এই জয়ের মাধ্যমে বিপিএলের চলতি আসরে নিজেদের শক্তির জানান দিয়ে টেবিলের শীর্ষস্থানটি নিজেদের করে নিল চট্টগ্রাম রয়্যালস।


