
দেশের অন্যতম প্রভাবশালী ছাত্র প্রতিনিধিদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কারণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। আজ ১৬ অক্টোবর বুধবার রাতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় মুখরিত ছিল উৎসবের আমেজে। শিক্ষার্থীরা মেহেদী হাতে, স্লোগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান-বাদ্যে উৎসবের আবহে কাটাচ্ছে নির্বাচনের শেষ প্রহরটি।

এই ঐতিহাসিক নির্বাচনী আমেজ সরেজমিনে দেখার জন্য মানবকন্ঠের রাজশাহীর ব্যুরো চিফ মাহবুব হুসাইন স্বয়ং উপস্থিত ছিলেন ক্যাম্পাসে। তিনি নির্বাচনের বিভিন্ন পরিস্থিতি পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীলভাবে নির্বাচন কাভার করার আহ্বান জানান।
ব্যুরো চিফ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের গণতান্ত্রিক চেতনা রাকসু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে পড়েছি। আজ একই ক্যাম্পাসে এই নির্বাচন দেখতে পেয়ে গর্ববোধ করছি। ছাত্ররা যেন শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার ও মতামত প্রকাশ করে, সেটাই সবচেয়ে বড় সাফল্য।”
তিনি আরও বলেন, “নির্বাচন মানে শুধু জয়-পরাজয় নয়; এটি শেখার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখান থেকেই জন্ম নেয় নেতৃত্ব, সহিষ্ণুতা ও সহমর্মিতা।”
মানবকন্ঠের ব্যুরো চিফের এই সফর ও বক্তব্যে বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্ররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় রাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।


