
বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
এতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনও ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে— হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা।
এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা জানিয়েছে ডিএমপি।


